সিলেট প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে পৃথক দুটি অভিযানে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি টিম, বাজার বণিক সমিতির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জানা যায়, গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই চিহ্ন ব্যবহার করার অপরাধে ‘মিতালী ফুডস’ নামের একটি বেকারিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ১৫ (১) ধারায় ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই আইনে ফেমাস বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখে গড়মিল পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন,
“দুই মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ১ জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”