ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানি গ্রামে পঞ্চাশ বছরের পুরনো একটি বাড়ির চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ছালিক, আজাদ, পারভেজ গংসহ কয়েকজনের বিরুদ্ধে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অন্তত ৫ থেকে ৭টি পরিবার। বিষয়টি নিয়ে আনুজানি গ্রামের ভুক্তভোগী জহুর আলী ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সকালে ছালিক, পারভেজ, আজাদসহ প্রায় ১৫-১৬ জনের একটি দল দেশীয় অস্ত্র—লাঠি, দা, কুড়াল ও লোহার রড নিয়ে জহুর আলীর বাড়িতে প্রবেশ করে। জহুর আলীকে বাড়িতে না পেয়ে তারা বাড়ির মহিলাদের হুমকি প্রদান করে এবং লামারসুলগঞ্জ সড়কের পাশে জহুর আলীর বাড়ির রাস্তা প্রায় ১০ ফুট কেটে ফেলে চলে যায়।

ভুক্তভোগী জহুর আলী জানান, “বিবাদীরা আমার প্রতিবেশী। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে তারা আমার বাড়ির সামনে প্রায় ৫০ বছরের পুরনো চলাচলের রাস্তা কেটে দিয়েছে। এ রাস্তা দিয়ে আমি ও এলাকার মানুষ প্রতিদিন চলাচল করতাম। বিষয়টি বর্তমানে সুনামগঞ্জ জেলা আদালতে বিচারাধীন।”

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের দাবি, রাস্তা কেটে ফেলার ফলে তারা মারাত্মক দুর্ভোগে পড়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফ বলেন, “অভিযোগের সত্যতা পেয়েছি। থানার ওসি স্যারের নির্দেশে এএসআই রিপনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।”