কুমিল্লা প্রতিনিধি:
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন রোটারি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি। বৃহস্পতিবার সকালে নগরীর টাউন হল মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে র‌্যালিটি শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রোটা. পিডিজি দিলনাশি মোহসেন।
প্রোগ্রাম চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের সভাপতি রোটা. এ. ডি. এম. এনামুল হক জুয়েলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন রোটা. আবু আজমল পাঠান, রোটা. সফিকুল ইসলাম শামীম, রোটা. মো. জাকির হোসেন, রোটা. লুৎফুল বারী চৌধুরী, রোটা. প্রফেসর জামাল নাসের, রোটা. হায়াতুন্নবী মজুমদার প্রমুখ। এছাড়া ক্লাব প্রেসিডেন্টদের পক্ষে বক্তব্য রাখেন রোটা. অরুণ কান্তি সাহা ও রোটা. জাহাঙ্গীর হোসেন মৈশান।

বক্তারা বলেন, ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব থেকে পোলিও নির্মূলের অঙ্গীকার ঘোষণা করে এবং ১৯৮৮ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচি শুরু করে। সেই থেকে প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস হিসেবে পালিত হচ্ছে।

তারা আরও জানান, রোটারির নিরলস প্রচেষ্টায় বর্তমানে বিশ্বব্যাপী ৯৯.৯% পোলিও নির্মূল করা সম্ভব হয়েছে। কেবলমাত্র পাকিস্তান ও আফগানিস্তানে এখনো এই রোগ সম্পূর্ণ নির্মূল হয়নি। বাংলাদেশ ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা পায়।