বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোঃ মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছখুড়িয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে এবং বোচাগঞ্জ কারিগরি স্কুলের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোজাহারুল ইসলাম দুপুরে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে বীরগঞ্জে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর দ্রুতগতিতে এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-অ-১৩-০০৩৮ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন জানান, “মোজাহারুল ইসলাম ছিলেন একজন আদর্শ শিক্ষক। ব্যক্তিগত কাজে বীরগঞ্জে এসে ফেরার পথে এমন দুর্ঘটনায় প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক।”

খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই উভয় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, নিহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ট্রাক ও ট্রাক্টর থানার হেফাজতে রয়েছে। কোনো পক্ষের আপত্তি না থাকায় নিহতের লাশ ও মোটরসাইকেল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, “ঘাতক চালকদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।”