ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুরে কুখ্যাত মাদক সম্রাট ‘বাবা খলিল’-এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বুধবার সকালে তালতলা বাজারে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সর্বস্তরের সচেতন নাগরিকরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘বাবা খলিল’ দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও প্রতিবারই আইনের ফাঁক গলে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে লিপ্ত হয়। এতে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দাবি জানান, “এই চিহ্নিত মাদক ব্যবসায়ী যেন আর কখনও জামিনে বের হতে না পারে।” তারা আরও বলেন, সুবিদপুরবাসী এখন ঐক্যবদ্ধ—‘বাবা খলিল’কে সমাজচ্যুত ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এ সময় বক্তারা প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান, কুখ্যাত এই মাদক সম্রাটের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে সুবিদপুরকে মাদকমুক্ত ঘোষণা করা হোক।