ফেনী প্রতিনিধিঃ
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় ইট বোঝাই ট্রলির চাপায় নূর মোহাম্মদ তানভীর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তানভীর ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সূত্রে জানা গেছে, সম্প্রতি তানভীরের মামা প্রবাস থেকে দেশে ফিরেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে মাছিমপুরে নানা বাড়ি বেড়াতে যান। মঙ্গলবার দুপুরে তানভীর মামার সঙ্গে ঘুরতে বের হয়। পরে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে একটি ইটবোঝাই ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।
স্থানীয়রা তানভীরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বাদে মাগরিব জানাজা শেষে তানভীরের মরদেহ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যরা শোকে নিস্তব্ধ হয়ে পড়েছেন।