চট্টগ্রাম প্রতিনিধিঃ
অস্ত্র আইনের মামলায় যুবলীগের সাবেক সভাপতি ও আলোচিত ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। রায়ের সময় সম্রাট পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চক্রের কার্যক্রম প্রকাশ্যে এলে আত্মগোপনে যান সম্রাট। পরে ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে ও সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব।
পরে কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে র্যাব একটি বিদেশি পিস্তল, ১১৬০ পিস ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া এবং নির্যাতনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করে।
ক্যাঙ্গারুর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই দিন রমনা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর র্যাব অস্ত্র মামলার অভিযোগপত্র দাখিল করে। পরে গত ১৬ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সম্রাট পলাতক থাকায় অনুপস্থিতিতেই বিচার চলে।
১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৭ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন হয় এবং ২৮ অক্টোবর চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।
এদিকে, অস্ত্র মামলার পাশাপাশি অবৈধ সম্পদ অর্জন ও ১৯৫ কোটি টাকা পাচার মামলাতেও সম্রাটের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দুই মামলায়ও আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।