চকরিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে চকরিয়া পৌরসভা যুবদল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা যুবদলের উদ্যোগে এক বিশাল মিছিল ও শোভাযাত্রা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুর থেকেই পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, বেলুন, প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট ও ক্যাপ পরে বাদ্য বাজিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ থানা রোডের মাথায় সিস্টেম কমপ্লেক্সের সামনে জড়ো হন। মুহূর্তেই চকরিয়া পৌর শহর রূপ নেয় যুবদলের উচ্ছ্বাসে মুখর ‘যুব নগরীতে’।
শোভাযাত্রা পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা যুবদল আহ্বায়ক এডভোকেট মনোহর আলম মনু এবং পরিচালনা করেন সদস্য সচিব জিয়াউদ্দিন বাবুল।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, সিনিয়র সহসভাপতি এম. গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম এবং পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান।
বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উন্নয়নের ধারাবাহিকতা ও স্বপ্ন পূরণে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা আহ্বান জানান, সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।