আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আওয়ামী লীগের খুনি-সন্ত্রাসীদের বিচারের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে জনতা ব্যাংক মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।
উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট আব্দুস সোবহান মুকুল।
সমাবেশে উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, সাবেক উপজেলা সেক্রেটারি এবিএম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, শ্রীউলা ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা লুৎফর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য আফসার উদ্দিন খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।