পেকুয়া কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অনলাইন জুয়া সাইট ‘1xBet’ এর সক্রিয় দুই মাস্টার এজেন্টকে আটক করেছে যৌথ বাহিনী।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি ব্রিজ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। অভিযানে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন:
১. মো. ইমতিয়াজুল হক (২৮), পেকুয়া সদর ৬নং ওয়ার্ডের সরকারিঘোনা এলাকার আবদুল হকের ছেলে।
২. রাহাতুল ইসলাম (২৫), একই এলাকার আহমদ কবিরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এ দুইজন অনলাইন প্রযুক্তি ব্যবহার করে ‘1xBet’ প্ল্যাটফর্মের মাধ্যমে লাখ লাখ টাকার জুয়ার লেনদেন পরিচালনা করছিল। তারা উঠতি বয়সী যুবক ও কলেজ শিক্ষার্থীদের প্রলুব্ধ করে অনলাইন জুয়ার নেশায় আসক্ত করছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় জব্দ করা মোবাইল ফোনে ৬১ লাখ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আটককৃতরা জিজ্ঞাসাবাদে সর্বশেষ ৮ লাখ টাকার জুয়ার লেনদেনের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং অনলাইন জুয়ার নেটওয়ার্কের মূল হোতাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।