রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ির মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় গোপন অভিযানে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন।
রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে সীমান্ত সড়কে মোটরসাইকেলে করে ভারতীয় সিগারেট পাচারের খবর পেয়ে বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশে ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলকে বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে চালক বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ১০০ কার্টুন ভারতীয় ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করে মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।”