কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড গুলি, একটি এলজি বন্দুক, দুটি পাইপগান, দশটি সীসা কার্তুজ এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে শনিবার গভীর রাতে তিতাস থানার মজিদপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিতাস এলাকায় দুপক্ষের সংঘর্ষের পর শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে সাহাপুর গ্রামের চার নারীকে অস্ত্রসহ আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— শান্তি বেগম (৬০), ফারজানা বেগম (২৯), জোবেদা বেগম (৩৩) ও আমিনা বেগম (৩৭)।

এ ঘটনায় তিতাস থানায় অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা হবে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।