নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির এক মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের বাইল্লা বাড়ির মো. রফিকের ছেলে মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) এবং বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)।

রোববার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামার পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শমসের সাহা। এ সময় চৌমুহনী চৌরাস্তা থেকে সোনাইমুড়ীগামী একটি মোটরসাইকেল বজরা আফানিয়া এলাকায় এসে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মামুন ও পথচারী শমসের গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”