কুমিল্লা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে কুমিল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় মহানগরীর ব্যস্ততম এলাকা চকবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া গণসংযোগে হাজী ইয়াছিন পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন।
পরে নেতাকর্মীরা কাশারীপট্রি, তেরীপট্রি, চকবাজার, বালুধুম ও আলীয় মাদ্রাসা সড়কসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করে জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন,
> “জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।”
গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন,
> “আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছি। বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে সবাই সমান সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
জেলা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাস, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ভিপি নজরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপির নেতা নিজাম উদ্দিন কায়সার, এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।