ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন ও মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম নলবুনিয়া এলাকায় একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী ‘হামিম পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা নাসিম আকন ছিটকে রাস্তার পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান।

তাকে গুরুতর আহত অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবুল খায়ের রাসেল প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গাড়িটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।

নাসিম আকনের মৃত্যুতে রাজাপুর উপজেলা বিএনপি, যুবদল, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এক শোক বার্তায় বলেন, “নাসিম আকন ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির প্রাণ। তার মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।