রাজশাহী প্রতিনিধি:
র্যাবের বিশেষ অভিযানে সিরাজগঞ্জে গ্রেফতার হয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার এক মাদক ব্যবসায়ী। র্যাব-১২, সিরাজগঞ্জের কমান্ডারের দিকনির্দেশনায় র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ১০৮ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. লালন (২৭)-কে গ্রেফতার করে।
র্যাব জানায়, “সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে” এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত লালন রাজশাহীর পুঠিয়া উপজেলার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।