ফেনী প্রতিনিধিঃ

সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। তাদের কোনো ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর বা স্বার্থ পাকিস্তানে নেই। বরং আওয়ামী লীগের অনেক নেতার ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বাড়িঘর রয়েছে। তারাই প্রকৃত অর্থে ভারতীয় দালাল বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি অডিটরিয়ামে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম সাঈদী বলেন, দেশের শিক্ষিত তরুণ সমাজ এখন জেগে উঠেছে। দেশের জনগণ আর একক কোনো দলকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে, কিন্তু বিপদ কাটেনি। আগামী ভোট যুদ্ধ যদি সঠিকভাবে মোকাবিলা না করতে পারি, তাহলে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক আমাদের রাষ্ট্র ও সমাজকে ধ্বংস করবে।”

তিনি বলেন, “আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। গুলি এলে আমরা বুক পেতে দেব। এ দেশ আমাদের শেষ ঠিকানা। এখানেই আমাদের কবর হবে। আমরা এ দেশকে ভালোবাসি। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।”

উপজেলা জামায়াতের আমির কেএম আজাদ হোসাইনের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমির মাওলানা মো. আবদুল হান্নানের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অ্যাড. এএসএম কামাল উদ্দিন।

এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।
গণজমায়াতে আরও বক্তব্য রাখেন—জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মো. ইলিয়াছ, কৃষি ও শিল্প সম্পাদক মো. মুজিবুর রহমান, পৌর মেয়র পদপ্রার্থী পেয়ার আহমদ মজুমদার এবং রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওমর ফারুক মজুমদার।