ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। বাসর ঘর থেকে পালিয়ে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন জামাল ফকির (২৭) নামের এক নববিবাহিত যুবক। ঘটনাটি ঘটেছে ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামাল ফকির ওই গ্রামের রজো ফকিরের ছেলে। তিনি প্রেমের সম্পর্কের সূত্রে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের দুলালী গ্রামের লিটন ভুইয়ার মেয়ে রোকেয়া ওরফে মিতালী বেগমের (১৮) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২১ অক্টোবর ফরিদপুর কোর্ট ম্যানেজের মাধ্যমে দুই পরিবারের সম্মতিতে। পরে ২৩ অক্টোবর বিকেলে বরযাত্রী নিয়ে নববধূকে বাড়িতে আনেন জামাল ফকির। রাতে বর-কনে ঘুমিয়ে পড়েন। কিন্তু গভীর রাতে অজান্তেই জামাল ঘর থেকে বের হয়ে যান এবং নিজ বাড়ির উত্তর পাশে আখক্ষেতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরদিন সকালে জামালকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে তার বড় ভাই দুলাল ফকির ও কামাল ফকির তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লাশ নামিয়ে বাড়িতে নিয়ে আসেন এবং থানায় খবর দেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে নববধূ রোকেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা একসঙ্গে ঘুমিয়েছিলাম। কখন তিনি ঘর থেকে বের হয়েছেন বুঝতে পারিনি। সকালে জানতে পারি তিনি মারা গেছেন।”
স্থানীয়দের মতে, জামালের আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে পারিবারিক বা মানসিক কোনো চাপ থেকে তিনি এমন পদক্ষেপ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।