ঝালকাঠি প্রতিনিধিঃ

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসম্মত হেলমেট ব্যবহার ও নির্ধারিত গতিসীমা মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তারা চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝালকাঠি সার্কেল, জেলা প্রশাসন ঝালকাঠির সার্বিক সহযোগিতায়।