কুড়িগ্রাম, ভূরুঙ্গামারী | ১ সেপ্টেম্বর ২০২৬: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযান চালিয়ে ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়ারপাড় এলাকায় অবৈধভাবে সার মজুতের খবর পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত মেসার্স খোকন ব্রিক্সের দুটি কক্ষে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করে।
অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে মেসার্স খোকন ব্রিক্সের মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
একই রাতে কুড়ারপাড় বাজারে মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে ৯ বস্তা এমওপি সার পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। পরে অবৈধভাবে সার সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেসার্স খোকন ব্রিক্স প্রতিষ্ঠানটি নিবন্ধিত সার মজুতদারের আওতাভুক্ত নয়। সার (ব্যবস্থাপনা) আইন অনুযায়ী নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ করা আইনসিদ্ধ নয়। এ বিধান লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জব্দ করা সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।
উপজেলা প্রশাসনের এমন অভিযানকে কৃষক ও স্থানীয়দের অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, অবৈধভাবে সার মজুত ও কালোবাজারি বন্ধ করা গেলে কৃষকের কাছে প্রয়োজনীয় সময়ে সারের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।