কিশোরগঞ্জের কটিয়াদীতে উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক আনন্দ মিছিল, বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল।

সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে প্রথম র‌্যালিটি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থানে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. জহর লাল রায়, সহ-সভাপতি মো. শাহিদুল্লাহ, মিজানুর রহমান স্বপন, শফিকুল রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

দিনের দ্বিতীয় ভাগে বিকেলে কটিয়াদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে আরেকটি বড় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কটিয়াদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিকেলের কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক ও মাহবুবুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইলিয়াস আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে রয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সব ধরনের বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।