সারাদেশ ৭১ ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনের রদবদলসহ সকল কার্যক্রম তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে। তিনি বলেন, “ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে এমন যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদেরই নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে।”
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, বিতর্কিত ও পূর্বে ক্ষমতাসীন দলের পছন্দের কর্মকর্তাদের নির্বাচন থেকে দূরে রাখতে এবং প্রশাসনে রদবদলে নিরপেক্ষতা বজায় রাখতে।
ড. ইউনূস আশ্বাস দেন যে প্রশাসনের সব নিয়োগ ও পরিবর্তন যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পন্ন হবে, যাতে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য হয়।