আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও প্রকাশ করা হয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের (কুসরক) নতুন কমিটি। ২০২৬-২৭ অর্থবছরের জন্য গঠিত এ কমিটিতে মোট ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলের অনুমোদনের পর কমিটিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নূর আসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এন জাকারিয়া খান মুরাদ।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। তিনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাংবাদিকতা ও সংগঠনের কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাসান পলাশ, দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মহন্ত, দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউনুস আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, গ্রিন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাতিন ইসলামসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
এ ছাড়া অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সাংবাদিকতার চর্চা শিক্ষার্থীদের তথ্যভিত্তিক ও দায়িত্বশীলভাবে বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ তৈরি করে। এ ক্ষেত্রে সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং কলেজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে কাজ করার অঙ্গীকার করেন।
কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি প্রকাশের মধ্য দিয়ে সংগঠনটির আগামী এক বছরের সাংগঠনিক ও সাংবাদিকতা কার্যক্রমের নতুন পর্ব শুরু হলো।