রংপুর | ১ সেপ্টেম্বর ২০২৬: রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সংগঠনের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা কমিটির সভাপতি এবং দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুক্তিযুদ্ধ ও নিরাপত্তাবিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসক ইসরাত জাহানকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় বাংলাদেশ কংগ্রেসের রংপুর জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রংপুর মহানগর কংগ্রেসের আহ্বায়ক মো. আবু রায়হান, রংপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, জেলা কংগ্রেস নেতা মো. হাসান আলী, মোছা. সানজিদা আক্তার এবং শ্রমিক কংগ্রেসের প্রতিনিধি মো. মোস্তফা মিয়াসহ সংগঠনের স্থানীয় অন্যান্য নেতাকর্মী।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে রংপুর জেলা কংগ্রেসের সভাপতি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমুখী উদ্যোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ কংগ্রেস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনের যেকোনো ইতিবাচক, স্বচ্ছ ও জনকল্যাণমূলক পদক্ষেপে আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।”

এ সময় নবনিযুক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান জেলা কংগ্রেসের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি রংপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা সহজীকরণ এবং জেলার সার্বিক অগ্রগতিতে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।