জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া। এ ছাড়া পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সংগ্রামী চেতনা নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করা হয়। বক্তারা নজরুলের সাহিত্য ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বর্তমান প্রজন্মের কাছে তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ মে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা নজরুল পরবর্তী সময়ে বাংলা সাহিত্যে বিদ্রোহী, মানবতাবাদী ও সাম্যবাদী চেতনার অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হন। বাংলাদেশে তিনি জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত।
সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে।
পীরগঞ্জে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে নজরুলের জীবন, কর্ম ও আদর্শকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে তাঁর সাহিত্য ও মানবিক দর্শনের সঙ্গে আরও সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।