চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিকস (SWAT) সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
সোমবার (৩১ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
সিএমপি সূত্রে জানা যায়, বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত SWAT সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যদের বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের নিজেদের দক্ষ ও যোগ্য সদস্য হিসেবে গড়ে তুলতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই বলেও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন, এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সটি বিশেষায়িত দায়িত্ব পালনে প্রাথমিকভাবে নির্বাচিত পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জরুরি ও বিশেষ পরিস্থিতিতে পেশাদার পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।