কটিয়াদী (কিশোরগঞ্জ) | ৩১ আগস্ট ২০২৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’। বছরব্যাপী নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির মধ্য দিয়ে কবির সাহিত্য, সংগীত ও দর্শন চর্চার উদ্যোগ নিয়েছে কটিয়াদী উপজেলা প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী ও নীতি-নির্ধারণী আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী দর্শন, বিদ্রোহী চেতনা ও অসাম্প্রদায়িক আদর্শকে বর্তমান প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার। তিনি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরুলের সাহিত্য ও সংগীত চর্চা আরও জোরদার করার আহ্বান জানান।

পরে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যিক অবদান ও সংগীত সৃষ্টির বৈচিত্র্য নিয়ে একটি বিশদ বিশ্লেষণধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের একজন অমর কবি নন; তিনি অন্যায়, শোষণ, সামাজিক বৈষম্য ও সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে সংগ্রামের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত মানুষের মধ্যে সাম্য, মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। বর্তমান ডিজিটাল ও আধুনিক যুগেও নজরুলের আদর্শ বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান এবং কটিয়াদী নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কটিয়াদী নজরুল একাডেমির সহ-সভাপতি সাজেদুল ইসলাম সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে বছরজুড়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সেমিনার, বইমেলাসহ বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিস্তার ঘটবে এবং বৈষম্যহীন সমাজ গঠনের মূল্যবোধ আরও শক্তিশালী হবে।