বোদা (পঞ্চগড়) | ২৯ আগস্ট ২০২৬ঃ পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ছাত্রদলের আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে।”
তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা ও মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েলের সভাপতিত্বে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, যুবদলের সদস্য সচিব সোহেল রানা।
এ ছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হক ইমন, যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন মামুন, মশিউর রহমান হিমেল, মাজেদুর সরকার মুন্নাসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রসঙ্গত, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য। সরকারি তথ্য অনুযায়ী, তিনি ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।