চাঁদপুরের কচুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়ইয়া প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী, অটোরিকশাচালক ও পথচারীরা। দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে সড়কটির উল্লেখযোগ্য সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা থাকলেও কার্যকর সংস্কার উদ্যোগ দেখা যাচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, কড়ইয়া প্রধান সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। কোথাও কোথাও সড়কের প্রস্থের বড় একটি অংশ ভেঙে গেছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি ও কাদা জমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি সাধারণ পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশেষ করে অটোরিকশা চলাচলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান স্থানীয় চালকরা। তাদের ভাষ্য, সড়কের গর্ত এড়িয়ে চলতে গিয়ে অনেক সময় অটোরিকশার ভারসাম্য নষ্ট হয়ে যায়। বিপরীত দিক থেকে একই সময়ে দুটি অটোরিকশা এলে অনেক জায়গায় নিরাপদে ক্রস করাও কঠিন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি শুধু একটি স্থানীয় সড়ক নয়; প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত সড়কটি ব্যবহার করতে হয়। সড়কের বেহাল অবস্থার কারণে সময় ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

এলাকাবাসী আরও জানান, বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। সড়কের গর্তে পানি জমে অনেক সময় গভীরতা বোঝা যায় না। এতে অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। তারা দ্রুত সড়কটির অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।