ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF)-এর কুড়িগ্রাম জেলা শাখার নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। তরুণ স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম জেলা নির্বাহী কমিটির সাতটি পদে একক প্রার্থী থাকায় প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাতজন প্রার্থীই ৩৭টি করে ভোট পেয়েছেন বলে জানানো হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি পদে মো. সবুজ মিয়া, সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) পদে মোছাঃ অনন্যা খাতুন, সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. শরীফ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান এবং কোষাধ্যক্ষ পদে মো. আহসান উল্লাহ আশিক নির্বাচিত হয়েছেন।

এর আগে VDF কুড়িগ্রাম জেলা শাখার নির্বাহী কমিটি নির্বাচনের ঘোষণা দেয়। ঘোষিত সাতটি পদে একক প্রার্থী থাকায় ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে পদগুলোতে প্রার্থীদের নির্বাচিত করা হয়।

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF) একটি অরাজনৈতিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম পরিচালনা করে। সাম্প্রতিক সময়ে VDF-এর ৬৪ জেলা পর্যায়ের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক নিয়ে নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা ও কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।

নবনির্বাচিত কমিটির সদস্যরা কুড়িগ্রামে স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং কার্যকর সামাজিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) মো. হাবিবুর রহমান বলেন, “আমরা ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধির দিকে সবচেয়ে বেশি নজর দিতে চাই। আমরা জানি, প্রায় সব স্বেচ্ছাসেবী সংগঠনই মানবিক সেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করে। আমরাও তার ব্যতিক্রম নই। তবে আমাদের লক্ষ্য হবে একজন স্বেচ্ছাসেবীকে শুধু মানবিক কাজে অংশগ্রহণকারী হিসেবে নয়, বরং একজন দক্ষ, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম তরুণ হিসেবে গড়ে তোলা।”

তিনি বলেন, ভলান্টিয়ারদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, টিম ম্যানেজমেন্ট, প্রজেক্ট পরিকল্পনা ও বাস্তবায়ন, ফান্ডরেইজিং, পাবলিক স্পিকিং, ডিজিটাল দক্ষতা, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

একই সঙ্গে তরুণ স্বেচ্ছাসেবীদের স্থানীয় সামাজিক সমস্যা চিহ্নিত করা এবং সেসব সমস্যার কার্যকর ও বাস্তবসম্মত সমাধান তৈরির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

নবনির্বাচিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। বিশেষ করে তরুণদের নেতৃত্বে সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা এবং স্থানীয় উন্নয়নমূলক উদ্যোগে VDF-এর কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এদিকে, VDF-এর জাতীয় পর্যায়ের কার্যক্রমেও তরুণ নেতৃত্ব ও স্বেচ্ছাসেবীদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৬ সালের জুনে VSO Bangladesh-এর আয়োজনে ৬৪ জেলার District Volunteer Ambassador-দের নিয়ে সাংগঠনিক সক্ষমতা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছিল।

নতুন কমিটির দায়িত্বশীলরা কুড়িগ্রামের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।