চৌমুহনী, নোয়াখালী | ২৫ আগস্ট ২০২৬ : ‘একটি গাছ লাগান, একটি জীবন বাঁচান—সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার উদ্যোগে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর মোক্তার বাড়ি সংলগ্ন দাখিল মাদ্রাসা এবং মধ্য নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও জেলা শিল্প-সাহিত্য সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল।
এ সময় আরও উপস্থিত ছিলেন চৌমুহনী শহর শাখার কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন এবং ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, গাছ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসা প্রয়োজন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।