ঢাকা | ২৫ আগস্ট ২০২৬: নভেম্বরের মধ্যে সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ সংসদে প্রণয়ন করা প্রয়োজন।
সোমবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা ও উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী।
সভায় নেতৃবৃন্দ আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে আইনটি জাতীয় সংসদে প্রণয়নের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ দাবিতে দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, সহসম্পাদক আমির হোসেন, সবুজ হোসেন রাজা, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. জাকির হোসেন, নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম এবং নারায়ণগঞ্জ বন্দর শাখার সাধারণ সম্পাদক জি কে রাসেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনকে আরও গতিশীল, সাংগঠনিকভাবে শক্তিশালী ও দায়িত্বশীল করে গড়ে তুলতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে জেলা ও উপজেলা শাখাগুলোতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সংগঠনের সদস্যদের তথ্য অনলাইনে সংরক্ষণ ও ওয়েবসাইটের আওতায় আনতে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায়ের সব সদস্যকে অনলাইন সদস্য ফরম পূরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, আগামী দুই মাসের মধ্যে দুটি প্রস্তাবিত বিভাগসহ মোট ১০টি বিভাগে সংগঠনের ১৪ দফা দাবি আদায়ে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও বার্তা সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ডিসেম্বর মাসে বিজয় শোভাযাত্রার আয়োজন এবং সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় নভেম্বরের মধ্যে বিএমএসএফের সব মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলা শাখা কমিটি হালনাগাদ করে গঠন করার জন্য কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।
বিএমএসএফ নেতৃবৃন্দ মনে করেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ জন্য দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক সমাজের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।