রংপুর | ২৪ আগস্ট ২০২৬ঃ ১২ রবিউল আউয়াল উপলক্ষে রংপুর মহানগরীতে বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, “আমরা সকলেই সৃষ্টির সেরা জীব। আমরা আল্লাহর নবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত। ধর্মীয় সংগঠনগুলো কোনো রাজনৈতিক সংগঠন নয়। আপনারা সমাজের অতি সম্মানিত ব্যক্তি।”
তিনি বলেন, বর্তমানে মাদকের ভয়াবহতা সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আলেম সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দকে আরও সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
তরুণ সমাজের একটি অংশ বিভিন্নভাবে বিপথগামী হচ্ছে উল্লেখ করে পুলিশ কমিশনার সুন্দর সমাজ ও আদর্শ পরিবার গঠনে ধর্মীয় নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, ধর্মীয় নেতৃবৃন্দকে মানুষের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি ১২ রবিউল আউয়ালের বিভিন্ন কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভায় রংপুর মহানগরীর বিভিন্ন ধর্মীয় সংগঠনের কর্মসূচির সময়সূচি ও সম্ভাব্য রুট নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
জানা যায়, গাউসিয়া কমিটি সকাল ৯টায় মডেল মসজিদে সমবেত হয়ে স্টেজ ও তবারকের আয়োজনসহ কর্মসূচি পালন করবে। তাদের কর্মসূচি দুপুর ১২টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
আশরাফীয়া চিশতীয়া কাদেরীয়া সকাল ১০টায় গ্র্যান্ড হোটেল মোড় থেকে কর্মসূচি শুরু করবে। এরপর কাচারী বাজার, খানকা শরীফ ও কর্ণচাই রোড হয়ে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া শাপলা চত্বরকেন্দ্রিক কর্মসূচি ডিসির মোড় হয়ে পরিচালিত হবে। পরবর্তীতে দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি শেষ হবে এবং তবারকের ব্যবস্থাও থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত সকাল ৯টায় তাদের কর্মসূচি শুরু করবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আয়োজকদের নিজ নিজ কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।