নওগাঁ, বদলগাছী | ২৪ আগস্ট ২০২৬: নওগাঁর বদলগাছী উপজেলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শাহীন নামে আরও এক যুবক আহত হয়েছেন।

গতকাল রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গোবরচাপা মোড়ে এ ঘটনা ঘটে। আহত আবু রায়হান গিটারকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর বুকের ক্ষত গভীর হওয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সম্প্রতি এলাকায় বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সুজাউল ইসলাম ওই ঘরটি আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ব্যবহার করছিলেন। এ নিয়ে স্থানীয়দের একাংশ আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
রোববার বিকেলে এ বিরোধের জেরে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে বিএনপি নেতা আবু রায়হান গিটার এগিয়ে গেলে তাঁকে লক্ষ্য করে সুজাউল ইসলাম ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করেন আহত গিটার। তাঁকে রক্ষা করতে গিয়ে শাহীন নামের আরও একজন আহত হন।

পরে স্থানীয়রা সুজাউল ইসলামকে মারধর করলে তিনিও আহত হন। তাঁকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আহত আবু রায়হান গিটার বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তিনি পরিস্থিতি শান্ত করতে গেলে একপর্যায়ে সুজাউল ইসলাম তাঁকে ছুরিকাঘাত করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, আবু রায়হান গিটারের বুকের ক্ষত গভীর ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার সুবিধা না থাকায় তাঁকে বগুড়ায় পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে সুজাউল ইসলামের ছেলে সিয়াম বলেন, ঘরটি তাঁর বাবা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন। ঘর ব্যবহারকে কেন্দ্র করেই বিরোধ থেকে মারামারি হয়েছে।
এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ বদলগাছী থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।