পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া পৌরসভার রেলস্টেশন চত্বরের বিওসি রোড এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের কাছ থেকে একটি আমেরিকান তৈরি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল পটিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, পটিয়া রেলস্টেশনের পূর্ব পাশে বিওসি রোডে হোটেল নূরজাহান সামনের এলাকায় মোটরসাইকেল আরোহীদের তল্লাশি শুরু করলে দুই সন্দেহভাজন যুবক পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ একজনকে ধরে ফেলে এবং স্থানীয়দের সহায়তায় অপরজনকেও ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. সাইদুল ইসলাম ফয়সাল (২৫), পিতা-আবু সৈয়দ, মাতা-শাহীন আক্তার, সাং-এনায়েতবাজার, বাটালি রোড, বরফ গলি, আজিজ রহমানের বাড়ি, ২২নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম।
২. মো. সালাউদ্দিন (৩৬), পিতা-মৃত ওয়াজিউল্লাহ, মাতা-মৃত রাজিয়া খাতুন, গ্রাম-মুছাপুর, মালেক বাজার, ফলমন বাড়ি, ২নং ওয়ার্ড, মুছাপুর ইউনিয়ন, থানা-কোম্পানীগঞ্জ, জেলা নোয়াখালী।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি আমেরিকান তৈরি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অস্ত্র ব্যবহার করে আসছিল।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশে জেলার বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”