পটিয়া, চট্টগ্রাম | ২১ আগস্ট ২০২৬: চট্টগ্রামের পটিয়ায় মাদক সেবন করে জনসমাগম এলাকায় উত্যক্ত করা ও পরিবেশ বিঘ্নিত করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে সাতজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মালিয়ারা এলাকার মো. সাকিব (২০) ও মো. আবির (১৯), পাইকপাড়া এলাকার বাবু দাশ (৩৮) ও মুন্না কান্তি দে (২০), কচুয়াই এলাকার রাজু গুপ্ত (৩২), কেলিশহর এলাকার রাজু ভুট্টা (৩০) এবং বড়লিয়া এলাকার নজরুল (২৮)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগ রয়েছে। এছাড়া মাদক সেবনের পর বিভিন্ন জনসমাগম এলাকায় উত্যক্ত করা এবং অস্বাভাবিক আচরণের মাধ্যমে স্থানীয় পরিবেশ বিঘ্নিত করার অভিযোগও পাওয়া গেছে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, মাদক সেবন করে পটিয়ার বিভিন্ন ইউনিয়নের জনসমাগম এলাকায় উত্যক্ত ও পরিবেশ নষ্ট করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পটিয়ায় মাদক সেবন ও মাদকের কারণে যাতে সামাজিক পরিবেশ নষ্ট না হয়, সে জন্য পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।