চুয়াডাঙ্গা | ২০ আগস্ট ২০২৬: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মুস্তাকিম (১৮) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত মো. সেলিম (৫০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার বাগাদী সোনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—আলমডাঙ্গা উপজেলার খোরদ মসজিদপাড়ার মো. শাহাবুদ্দিনের ছেলে মুস্তাকিম (১৮) এবং মহেশপুর দক্ষিণপাড়ার মো. আক্কাস মোল্লার ছেলে মো. সেলিম (৫০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে মো. সেলিম আসমানখালী বাজারে পান বিক্রি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি বাগাদী সোনা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর দুই মোটরসাইকেলের চালকই সড়কে পড়ে গুরুতর আহত হন। এ সময় মুস্তাকিম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমুজ্জামান তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন।
চিকিৎসক ডা. নাসিমুজ্জামান জানান, মুস্তাকিমের জখম গুরুতর। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত মো. সেলিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।