মানিকগঞ্জ, ২০ আগস্ট ২০২৬: মানিকগঞ্জের হরিরামপুরে বাক্-প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাগর ফকির (২৭) গ্রেপ্তার হয়েছেন। জেলা র‌্যাব অফিস ও পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাগর ফকিরকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলে বাক্-প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা শেখ সুজন বাদী হয়ে হরিরামপুর থানায় চারজনকে আসামি করে মামলা করেন।

অনলাইনে প্রকাশিত পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়, ২৩ জুলাই বিকেল ৪টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকায় ঘটনাটি ঘটে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, সাগর ফকির ওই তরুণীকে মুখ চেপে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয় কয়েকজন তাকে আটক করে একটি বাড়িতে নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয় এবং এ নিয়ে ভুক্তভোগীর বাবার সঙ্গে কয়েকজনের বিরোধের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন। মামলায় সাগর ফকির ছাড়াও মো. বাবু (৪০), শাহা খাঁ (৪৫) ও মিঠু (৩২)-কে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার সাগর ফকির পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মোল্লাডাঙ্গি এলাকার জাবেদ ফকিরের ছেলে।
হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাগর ফকিরকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রয়েছে।