চাঁপাইনবাবগঞ্জ | ১৯ আগস্ট ২০২৬: চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব ও এর বিস্তার রোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মুসা জঙ্গী।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতার সুযোগ নিয়ে তরুণ ও যুবসমাজের একটি অংশ বিভিন্ন অনলাইনভিত্তিক জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িয়ে পড়ছে। এতে ব্যক্তি ও পরিবার আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও মানসিক নানা সমস্যার মুখোমুখি হচ্ছে।
বক্তারা বলেন, অনলাইন জুয়ার বিস্তার শুধু ব্যক্তিগত আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পরিবারে অস্থিরতা, ঋণগ্রস্ততা ও সামাজিক সমস্যাও তৈরি করতে পারে। তাই এর বিস্তারকে সমাজের জন্য একটি গুরুতর ঝুঁকি হিসেবে বিবেচনা করে প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

সভায় বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

সভায় অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, দেশে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে। চলতি আগস্ট মাসেই সিআইডি অনলাইন জুয়া পরিচালনাকারী একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি তরুণ সমাজকে এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান।