শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ | ১৯ আগস্ট ২০২৬: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত মাদকদ্রব্য ‘স্কাফ’ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ গ্রামের শিবনগর পোড়াগঞ্জ গোরস্থানের পাশে একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের মৃত আবু হাসানের ছেলে মো. আরাফাত হোসেন (২৫) এবং একই উপজেলার কাদোয়া দেবীপুর গ্রামের মো. মুকুলের ছেলে মো. ফরহাদ (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত সঙ্গীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ইনচার্জ মো. মতিউর রহমান বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষা করতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। সঠিক তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।