চুয়াডাঙ্গা | ১৭ আগস্ট ২০২৬: উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন গাজীপুরের দুই বন্ধু। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হলে ভারতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে গত ১৬ আগস্ট রাতে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ দুটি বাংলাদেশে আনা হয়েছে।
দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো. হাবিবুর রহমান (৫৮) এবং কালীগঞ্জের কাপাসিয়া এলাকার বিল্লাল মাঝি (৫০) গত ১৫ জুন উন্নত চিকিৎসার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান। পরে তারা কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সূত্র জানায়, বিল্লাল মাঝি গত ৯ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পরদিন, ১০ আগস্ট রাত ৭টা ৪৭ মিনিটে মারা যান মো. হাবিবুর রহমান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান স্ট্রোকজনিত জটিলতায় এবং বিল্লাল মাঝি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
দুই বন্ধুর মৃত্যুর পর ভারতে মরদেহ দেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে তাদের বন্ধু মো. আবু নাহিদ (৪৫) মরদেহ দুটি গ্রহণ করে বাংলাদেশে নিয়ে আসেন।
গত ১৬ আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিল্লাল মাঝির মরদেহ এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হাবিবুর রহমানের মরদেহ দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছায়।
পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সদস্যদের সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশে নিয়ে আসা হয়।
দুই বন্ধুর চিকিৎসার জন্য একসঙ্গে ভারতে যাওয়া এবং অল্প সময়ের ব্যবধানে দুজনের মৃত্যুতে স্বজন ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।