কচুয়া, চাঁদপুর | ১৬ আগস্ট ২০২৬, রবিবার: চাঁদপুরের কচুয়া উপজেলায় মো. শরীফ তালুকদার (৩২) নামে তিন সন্তানের জনকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ১২ নম্বর আশরাফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আশরাফপুর তাজউদ্দিন তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে নিজ বাড়ির একটি গাছে শরীফ তালুকদারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত নামিয়ে দেখা যায়, তার শ্বাস-প্রশ্বাস নেই।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার আগে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। তবে কী কারণে শরীফ তালুকদারের মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
আকস্মিক এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিন সন্তানের জনক শরীফ তালুকদারের মৃত্যুতে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।