ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রুহিয়া উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেলাওয়ার হোসেন বলেন, গত ১৬ বছর দেশে অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রসমাজ আশা করেছিল, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি ও সন্ত্রাস থাকবে না এবং শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা অস্ত্রের পরিবর্তে কলম এবং মাদকের পরিবর্তে বই-খাতা তুলে নিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই ছিল প্রত্যাশা। তবে শিক্ষার্থীদের সেই আশা যেন দুরাশায় পরিণত না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে রুহিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মেদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. তামিম আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল হালিম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মো. মোখলেছুর রহমান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মো. আজগর আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা বায়তুলমাল সম্পাদক ও ঢোলাহাট ইউনিয়ন আমীর মো. হেলাল গনি, ঢোলাহাট ইউনিয়ন সেক্রেটারি মো. নুরে হাফিজ, রুহিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান ও সেক্রেটারি শফিজুল ইসলাম মিন্টুসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আদর্শ সমাজ গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।