হরিরামপুর (মানিকগঞ্জ) | ১৫ আগস্ট ২০২৬:
মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হরিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লেছড়াগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আলী আজম মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলাল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান শিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার, যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী হিপু, উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুল আলম খান মিশুক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মো. শাকিল মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
মিলাদ ও দোয়া শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্ট দেশব্যাপী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালনের খবরও পাওয়া গেছে।