কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক নারী তার স্বামীকে ফাঁসাতে মিথ্যা অপহরণের মামলা দায়ের করেছেন— এমন অভিযোগ উঠেছে। মামলাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী স্বামী জহিরুল কবির জানান, গত ৩০ সেপ্টেম্বর তার স্ত্রী ইসরাত জাহান শশীদল রেলস্টেশন সংলগ্ন এলাকায় তাকে ফোন করে জানায়, যদি তিনি পূর্বের মামলা তুলে না নেন, তবে সে আত্মহত্যা করবে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আত্মহত্যার চেষ্টা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর ইসরাতের বোন থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। পরে তিনি তার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন, স্বর্ণালঙ্কার ছিনতাই ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন।

জহিরুল কবির বলেন, “ইসরাত জাহান ১১ বছর আগে প্রথম স্বামী কাজী মো. খোরশেদকে তালাক দেন। এরপর আব্দুল্লাহ আল আজিম নামে এক ব্যক্তিকে বিয়ে করে এক সন্তান জন্ম দেয়। পরবর্তীতে আমার সঙ্গে তার বিয়ে হয়। এখন আবার কীভাবে ১১ বছর আগে তালাকপ্রাপ্ত স্বামীকে ‘বর্তমান স্বামী’ দেখিয়ে মামলা করতে পারে?”

তিনি আরও বলেন, “ইসরাতের বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা। তিনি প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন। আমি ন্যায্য বিচার চাই এবং আমার মেয়েকে ফেরত চাই।”

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ছবিঃঅভিযুক্ত স্ত্রী

 

পুলিশ সূত্রে জানা গেছে, ইসরাত জাহানের নথিপত্রে তিনজন স্বামীর নাম পাওয়া গেছে — কাজী মো. খোরশেদ, আব্দুল্লাহ আল আজিম ও জহিরুল কবির।

ইসরাত জাহানের মন্তব্য জানতে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, “একই সঙ্গে একাধিক স্বামী থাকা শরিয়ত ও আইনে অপরাধ।” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।