নান্দাইল, ময়মনসিংহ | ১৪ আগস্ট ২০২৬: শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলে চর উত্তরবন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, চরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। নতুন এই ভবন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সুযোগ আরও সম্প্রসারিত করবে এবং স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্মিত ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নান্দাইলের বাস্তবায়নে নির্মিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ এবং উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল।
এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের প্রশাসক সাবিরা খান ও সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থীদের সাফল্য এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তথ্য প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে নান্দাইলে সফরকালে প্রতিমন্ত্রী চরবেতাগৈর কেন্দ্রীয় পাঠাগার পরিদর্শন করেন, পারিবারিক কবরস্থান জিয়ারত করেন এবং একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয়দের প্রত্যাশা, নবনির্মিত ভবনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও সুন্দর ও নিরাপদ পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে এবং চরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।