ঠাকুরগাঁও | ১৪ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. জবাইদুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল রফিকের ছেলে মো. মেহেদী হাসান (৩৬) এবং রোড হরিপুর (হাজীপাড়া) এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় ওই তিনজনকে মাদকসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মো. জবাইদুর রহমান ও মো. মেহেদী হাসানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মানিক হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ডিবি পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত মো. মানিক হোসেনের বিরুদ্ধে দস্যুতার একটি মামলাও রয়েছে।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।