রুহিয়া (ঠাকুরগাঁও) | ১২ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ মো. আজগর আলী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রুহিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার আজগর আলী রুহিয়া থানার ঘনি মহেষপুর এলাকার মহিরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ১ নম্বর রুহিয়া পূর্ব ইউনিয়নের কর্ণফুলী বাজারের পাশে রেললাইনের ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক মো. ওয়ালিউল্লাহর ভাড়া বাসার পূর্ব পাশে সন্দেহভাজন অবস্থায় আজগর আলীকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক ওজন ০.১১ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় ৩ হাজার ৩০০ টাকা।
এ ছাড়া তার হেফাজত থেকে মাদক কেনাবেচার নগদ ৮ হাজার ১০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুহিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন/দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।