ঢাকা | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬: সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী তিন মাসের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, ঢাকা জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।
আহমেদ আবু জাফর বলেন, বিভিন্ন সরকারের আমলে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে নানা ধরনের টালবাহানা ও বৈষম্য দেখা গেছে। এখন আর টালবাহানা নয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রয়োজন।
তিনি বলেন, “বিভিন্ন সরকারের আমলে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে অনেক টালবাহানা ও বৈষম্য দেখেছি। আর না। এবার আমরা আইন চাই।”
তিনি আরও জানান, গত ৮ আগস্ট কুমিল্লা থেকে সরকারকে এ বিষয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।
আহমেদ আবু জাফরের ভাষ্য, “নভেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করবো। নির্ধারিত সময়ের মধ্যে আইন না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
মতবিনিময় সভায় সাংবাদিক সুরক্ষা আইনের পাশাপাশি সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং পেশাজীবী সাংবাদিকদের তালিকা তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও অস্তিত্ব রক্ষায় দ্রুত গণমাধ্যম কমিশন গঠন করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জাহিদ হোসেন। এতে ঢাকা জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
বৈঠকে জানানো হয়, চলতি আগস্ট মাসেই সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, ঢাকা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।