৯ আগস্ট ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছোট ছোট মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমেই সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব। শুধু অর্থ সহায়তা দিয়ে অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়; বরং তাদের কর্মমুখী করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রোববার (৯ আগস্ট) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা ‘লাভ শেয়ার বিডি’র উদ্যোগে আয়োজিত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধন ও ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২৫টি চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

বিশেষ করে রংপুর বিভাগের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদেরও নিজ নিজ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

দেশের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জ্বালানি সংকট মোকাবিলায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, কোনো উন্নয়ন একদিনে সম্ভব নয়। একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তা বাস্তবায়ন এবং এর সুফল মানুষের কাছে পৌঁছাতে সময় প্রয়োজন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (রাষ্ট্রদূত পদমর্যাদা) মুসফিকুল ফজল আনসারী বলেন, লাভ শেয়ার বিডির উদ্যোক্তারা নিজেদের উপার্জনের অর্থ ব্যয় করে দেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগের পরিধি হয়তো ছোট, তবে এর সামাজিক প্রভাব অনেক বড়। মানুষের মধ্যে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান বলেন, মানুষের অসহায়ত্ব ও দারিদ্র্যের বাস্তব অভিজ্ঞতা থেকেই সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষকে শুধু সাময়িক সহায়তা দেওয়া নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলাই লাভ শেয়ার বিডির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর করা হয়।